Skip to main content

সারপ্রাইজের জন্মদিন

বছরের একটা দিন আছে যেটা শুধু আমার, যেদিন সবাই আমার কথা শুনবে , আমার সব আবদার , দাবী মানতে আমি বাধ্য করবো , সবাই ভালো - ভালো কথা বলবে , সেই দিনের আমিই রাজা ৷ সেটা বছরের একটাই দিন ,জন্মদিন ৷ এবছর ৩১ হলো , থুড়ি মা'র কথায় ৩০+ ৷ মা'তো পারলে বয়সটা তিনেই আটকে রাখে ৷ তো যা বলছিলুম , জন্মদিন ... প্রতি বছর আমি আমার জন্মদিন নিয়ে প্রবল উৎসাহিত থাকি, হ্যাঁ নিন্দুকের মুখে ছাই দিয়ে বলব এই ৩১ এও আমার জন্মদিন নিয়ে উৎসাহে কোন ঘাটতি নেই আর আগামী যতগুলো বছর বাঁচবো একই উৎসাহপ্রথা চলতে থাকবে এ কথা হলফ করে বলতে পারি ৷ আগষ্ট মাস পড়লেই আমার মনে হতে থাকে ১২ তারিখ আসছে আসছে , মা'কে মনে করানোর দরকার পড়ে না , তিনি তো আমার এক কাঠি ওপরে ৷কিন্তু আমার ভুলো বরটা যাতে কোনভাবেই না ভোলে তার প্রস্তুতি পুরোপুরি নিয়েনি ৷ না বাবা , বর জন্মদিন ভুলে যাবে , তারপর জন্মদিনের সারাদিন মুড অফ করে মান - অভিমান করব, ঐ সব চক্কোরে আমি নেই ৷ তাই সপ্তাখানেক আগে থেকেই কাউন্টডাউন চালাতে থাকি ৷ যদিও ওর জন্য ঐদিন ভোলা খুব একটা সহজ না , একই দিনে বউ আর মা'র জন্মদিন হলে , সেইদিনটি ভোলা একটু চাপের ৷

প্রতি বছর কুমার বাহাদুর ঘোর চিন্তায় থাকেন যে আমায় তিনি কি দেবেন জন্মদিনে ৷ কারণ মা'র উপহার নিয়ে ওকে মাথাই ঘামাতে হয় না , আমি মা'র পছন্দমতন উপহার ঠিক সময়ে মা'কে দিয়ে দিই ৷আর তাছাড়া প্রতি বছর ওর জন্মদিনে আমার surprise দেওয়ার বহরে বেচারা আত্মগ্লানিতেও ভোগে ৷ তাই এবছর বহু কষ্টে , জীবনে প্রথমবার তিনি একখানা surprise gift এর প্ল্যান করেছিলেন ৷ যেটি দুদিন আগেই deliver হয়ে যায় , বাবা receive করে আমায় দেয়,আমি তাড়াহুড়োয় থাকায় ঘরে রেখে বেরিয়ে যাই ৷ ওমা , রাত্তিরবেলা প্যাকেট টা আমার দিকে দিয়ে বলে,"ধুউউউর.... surprise আর রইল কই ,এই যে তোমার surprise gift ৷" আমি ভাবলুম বোঝো ঠ্যালা!!!! জীবনে প্রথম সারপ্রাইজ দেবে , কোথায় জন্মদিনের রাত ১২টার সময় ঝুলি থেকে বেড়াল থুড়ি gift...না না surprise gift বের করে হাতে দেবে , তা না.... দুদিন আগে প্যাকেট হাতে ধরিয়ে বলে " নাও surprise!! " ৷ এতো হতে দেওয়া যায় না , এবছর যখন কুমার বাহাদুর তার বউকে surprise দেবেই ঠিক করছে , আমার নৈতিক দায়িত্ব তাকে সাহায্য করা ৷
প্যাকেটটা আমার দিকে ছুড়তে যাবে আমি চোখ বন্ধ করে বললুম , "না না নাআআঅ....অাজ না পরশু দিও , আর শোনো ওটাকে এমন জায়গায় লোকাও যেন আমি খুঁজলেও খুঁজে না পাই , বুঝলে ????" আমার এই অদ্ভুত প্রস্তাব শুনে কিংকর্তব্যবিমূঢ় এক্সপ্রেশন দিয়ে দাড়িয়ে রইল ৷ উউউফ , এই লোকটাকে নিয়ে কি যে জ্বালা !!! আমি গিয়ে ওর হাত থেকে প্যাকেটটা নিয়ে ড্রয়ারে রেখে দিলাম ৷ হাত দিতেই বুঝতে পাচ্ছিলুম , কি রয়েছে , কিন্তু সঙ্গে সঙ্গে মাথাকে দিয়ে মনকে আর মনকে দিয়ে মাথাকে জোরদার ধমক দেয়ালুম, " বেশি বুদ্ধি খাটালে , জন্মদিনে কিন্তু surprise পাওয়া যাবে না বলেদিলুম ৷" কুমার বাহাদুর আমার র্কীর্তি-কলাপ দেখে কি expression দেবে বুঝে না পেয়ে , তার প্রথমপক্ষে থুড়ি গপ্পোবইয়ে মনোনিবেশ করাই শ্রেয় মনে করল ৷

যাইহোক , শেষমেশ ১২ তারিখ ১২টা বাজতে প্রতি বছরের মতন চিঠি পেলুম আর পেলুম জবরদস্তির সারপ্রাইজ টিকিয়ে রাখা গিফ্ট ৷ প্যাকেট খুলে মাথা-মনের guess work কে salute জানিয়ে বললুম .... যা ভেবেছি ঠিক তাই , একখানা আস্ত ফোন , Redmi Note 4৷ সারপ্রাইজড হওয়ার সম্পূর্ণ নিয়ম মেনে চোখ বড় বড় করে দু - গালে হাত দিয়ে বললুম ," আরেএএএ কি করেছ , আমিতো ভাবতেই পারিনি দারুউউউণ হয়েছে ৷" কুমার বাহাদুর হাসতে হাসতে বলল ," তুমি পারো বটে , উফফ , নাটক থামাও , বললাম সেদিনই খুলে দেখো , এতদিনে sim ভরে use শুরু করে দিতে পারতে,তা না , উনি সারপ্রাইজ নেবেন , যাইহোক ভালোলেগেছে তো ৷" বললুম , " ভীষওওওণ , তবে ফোন পেয়ে নয় , সারপ্রাইজ পেয়ে ৷"

Comments

Popular posts from this blog

ধন্দ

একটা প্রশ্ন মাঝেমাঝেই একটা অদ্ভুত ধন্দে ফেলে দেয় ...... আমার জীবনের সবচেয়ে দুটো গুরুত্বপূর্ণ মানুষ সম্পুর্ণ দুটো আলাদা মেরুর৷ আমার মা এবং আমার কুমার বাহাদুর ৷ আমার মার ৩৩ কোটি দেব - দেবীর ওপর প্রবল আস্থা আর আমার কত্তা বাবু পুরোদস্তুর নাস্তিক৷ আমার বাবাও ঈশ্বর বিশ্বাস করতেন না কিন্তু আমার মা কে কোনকিছু থেকে বিরত কখনও করেননি ৷ পুজোর দশকর্মা, ফলের বাজার থেকে মিষ্টি আনা এবং পুজোর পর মহানন্দে প্রসাদ খাওয়া, এই সবই বাবা সইচ্ছাতেই করতেন৷ কুমার বাহাদুরের সঙ্গে, আমার যে অন্তরঙ্গ বন্ধুর মাধ্যমে আলাপ, সে আমায় বলেছিল , ওরা নাস্তিক জানিস, ওদের বাড়ীতে কোন পুজো হয় না, নিয়ম মেনে বিয়েও হয় না, শুধু রেজিষ্ট্রি হয়৷ শুনে বলেছিলাম ভালোই তো, ঝামেলা কম৷ নিয়ম মাফিক ভালোবাসার প্রস্তাব দেওয়া - নেওয়া আমাদের মধ্যে কখনও হয়নি, কিন্তু যখন মনের দপ্তর ঘোষণা করল সম্পর্কটা শুধু বন্ধুত্বের থেকে আরও আরও বেশি কিছু, মনে আছে আমি ওকে বলেছিলাম, "আমি বাড়ীর একটিমাত্র মেয়ে, আমার বিয়ে নিয়ে অনেকের অনেক শখ আল্হাদ আছে, তোমাদের বাড়ীতে না হলেও, আমাদের বাড়ীতে কিন্তু নিয়ম মেনেই বিয়ে করতে হবে৷" ও এক কথায় হাসতে হাসতে বলেছিল, ...

হিজি বিজ্ বিজ্ এবং প্রেম

এই অসহ্য লোকটার কথা ভেবে ভেবে আমার সমস্ত ভালো ভালো গানের ভালো ভালো কথা সুর কানে এবং মনে বাজে। আর ঐ লোকটা সব সুর তাল ঘেঁটে ঘ করে দেয়। এই দুদিন আগে, ওর জন্মদিনের দিন সব কাজ মিটিয়ে বসেছি। মন টা বেশ ভালো লাগছে যা যা রান্না করবো ভেবেছিলাম, সব করেছি। বেশ ভালোই হয়েছে। সারপ্রাইজ গিফ্ট টা দিয়ে একদম চমকে দিয়েছি। সবকিছু একদম যেমন যেমন চেয়েছিলাম তেমন তেমন ই হয়েছে। ভালো করে স্নান করে, ফ্রেশ হয়ে টেবিল ফ্যান টা চালিয়ে একটু জিরোচ্ছি, খুব গান শুনতে ইচ্ছে হলো, বেশ ভালোবাসার গান। আমার ফোনের ওই হেডফোন গোজার পোর্টটা শট হয়েবসে আছে। তাই স্পিকারেই চালালামঃ ইয়ে লাল ইশক " মেরা নাম ইশক, তেরা নাম ইশক, মেরা নাম ইশক, তেরা নাম ইশক মেরা নাম ইশক, তেরা নাম ইশক মেরা নাম তেরা নাম, মেরা নাম ইশক" আহা শুনতে শুনতে পুরো ডুবে গেছি। অসাধারণ গান, গানের কথা, সঙ্গে অরিজিতের গলা, পাশে কুমার বসে ফোন এবং গল্প বইয়ে ব্যস্ত, তার দিকে চেয়ে চেয়ে পরানে ডগমগ করা প্রেম প্রেম ভাব ... উফফ আর কি চাই। তখনই ... " এই শোনো " কিছু না বলে ভুরু কুঁচকিয়ে এবং উঁচিয়ে জানতে চাইলুম, " কি? " " এই যে ইনি...

টিকিটপুরাণ

পুজোয় বেড়াতে যাওয়ার টিকিট কাটা আর টানটান রহস্য রোমাঞ্চ উপন্যাস পড়া একই ব্যাপার। প্রতি মুহূর্তের উত্তেজনা, এই ফসকে গেল গেল হৃদকম্পে রক্তচাপ বেড়ে যাওয়ার জোগাড় হয়। আমাদের আজ টিকিট কাটার পর্ব ছিল। নিজেরাই কাটি। দায়িত্ব থাকে কুমার বাহাদুরের ওপর। কাল রাত্তির থেকে যুদ্ধ চলছে। প্রতিবার বেড়াতে যাওয়ার আগে আমাদের whatsapp এ একটা গ্রূপ খুলে ফেলার দায়িত্বে থাকি আমি। যাওয়ার ঠিকানা বদলাতে থাকে , সঙ্গে গ্রূপের নামও। কাল রাত্তির থেকেই আমরা খুব উত্তেজিত, কারণ irctc র সাইট খুলে দেখা গেছে ৪ মাস আগে যে তারিখের টিকিট বুক করা যাচ্ছে, সেটা সেদিনই ওয়েটিং এ চলে যাচ্ছে। তাই একদম ঝপাঝপ কাজ সারতে হবে। নানা রকম আলোচনায় রাত্তির থেকে whtsapp এর গ্রূপ উত্তাল। বিভিন্ন জনের বিভিন্ন মতামত, লক্ষ একটাই,কনফার্ম টিকিট চাই-ই চাই। সবার স্নায়ু টান টান কাল কি হবে, একেবারে ভারত-অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলার মতন। রাতে শুয়েই পড়েছি হঠাৎ whtsapp গ্রূপে অংশুমানের মেসেজ রাত ১২ টার পর টিকিট কাটা যাবে মনে হয়। মেসেজ পড়া মাত্রই কুমার বাহাদুর ঝপ করে উঠে ল্যাপটপ খুলে বসল কিন্তু কোথায় কি !!! আবার অংশুমানের মেসেজ," না ১২ টা ...