Skip to main content

পুরনো কাসুন্দি

সালটা ২০০৮, বাবা মারা যাওয়ার কিছু মাস পর, আমার পরম পূজনীয় জননী একটু সামলে উঠতেই, স্থির করলেন এখন থেকে ওনার জীবনে একম-অদ্বিতীয়ম লক্ষ্য হলো আমার বিয়ে দেয়া। ভেবেছিলো আমায় "পার" করেই সব কাজ মিটে যাবে, আমি খাবো বাঁশ এবং তিনি ড্যাং ড্যাং করে বাবার কাছে চলে গিয়ে সুখে - শান্তিতে করবেন স্বর্গবাস। তখনও কুমার বাহাদুরের আগমন ঘটেনি বলাই বাহুল্য। মাকে আমি বুঝিয়ে উঠতে পারতাম না যে, দেখে-শুনে বিয়ের জগতে আমার "দাম " নেই বললেই চলে। বিয়ের খদ্দেরদের ফর্সা, সুন্দরী, স্লিম এবং শিক্ষিত মেয়ে চাই। অনেকের আবার শিক্ষিত হলেও আপত্তি। সুতরাং সে গুড়ে রাশি রাশি বালি। তবুও মার অদম্য ইচ্ছে, শারীরিক এবং মানসিক অবস্থা এবং ইমোশনাল কাতুকুতুর কাছে হার মেনে "দেখে-শুনে বিয়ে" পুজোর জোগাড়ে নেমে পড়ি।
এই পুজোর সর্বপ্রথম নিয়ম, সুন্দর শাড়ি পরে, ভালো করে সাজুগুজু করে একটি ছবি তুলতে হবে।যাতে পাত্রপক্ষ ঝপ করে দেখে টপ করে পছন্দ করে ফেলে। তাই হলো সুন্দর সাজু গুজু এবং শাড়ী পরে ছবি তোলা হলো। এই ছবিটি যে কত জায়গায় ঘুরেছে তার ঠিক নেই। আত্মীয়-পরিজন, ম্যাট্রিমনিয়াল সাইট, কুরিয়ার অফিস, খবরের কাগজের অফিস, ই-মেল, ঘটক আরো কত শত জায়গা। অনেক গুলো কপি বানানো হয়েছিল। এবং লিফলেট বিতরণের মতন, যার কাছেই "যোগ্য" পাত্র থাকতো তাকে বিতরণ করে দেয়া হতো, উইথ বায়ো -ডাটা।
এখন যত হালকা ভাবে কথা গুলো লিখছি, তখন ততোধিকই ভারী ছিল মনের অবস্থা। আত্মসম্মানকে জলাঞ্জলি দিয়ে একের পর এক প্রচেষ্টায় মার সাথে থাকা। মাও জানত, মার মোটা এবং কালো মেয়েকে "পার" করা খুব শক্ত। বুঝতে পারতাম মার ভীষণ কষ্ট হয় এরকম বার বার আমায় একই পরিস্থিতির মধ্যে ফেলতে। তবুও তিনি না থাকলে কে আমায় দেখবে এই চিন্তায় এবং অবশ্যই সামাজিক চাপের চাকায় নিজেকে এবং আমাকে পিষতে বাধ্য হতো। আমি বেচারি বা অবলা ছিলামনা। বাধা দিতেই পারতাম, বারণ করতেই পারতাম। কিন্তু আমি দেখেছিলাম বাবার চলে যাওয়ার পর সেই প্রথম মা আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরছে, যেন একটা উদ্দেশ্য খুঁজে পেয়েছে বেঁচে থাকার। বিয়েটা হওয়া এত সহজ নয়, আমি জানতাম। তবু এই খেলায় ভুলে যদি একটু স্বাভাবিক থাকে তো থাকুক না। এই ভেবেই আত্মসম্মানের মাথায় বাড়ি মেরে এবং ইচ্ছেগুলোকে সাইলেন্ট মোডে পাঠিয়ে, মা'র হ্যাঁ-তে হ্যাঁ মিলিয়েছিলাম।
যাই হোক হঠাৎ করে এই পুরোনো কাসুন্দি ঘাটার কারণ হলো,একটা ছবি। হঠাৎ করে খুঁজে পাওয়া সেই লিফলেট থুড়ি সেই ছবি৷ একটা দরকারে পুরোনো দরকারি মেল খুঁজতে গিয়ে, আরো কয়েকটা পুরোনো হাবিজাবি মেল চোখে পড়লো।মার পছন্দ করা কিছু যোগ্য পাত্রপক্ষকে ই-মেলে ছবি পাঠিয়েছিলাম, সেই খান থেকে ছবিখানা পেয়ে পুরোনো সবকিছু ঝপাঝপ মনে পড়ে গেল। তবে ভাবলুম জীবনে সবসময় ভালোটা ছেঁকে খারাপটা ঝেড়ে ফেলি, এটাইবা বাদ যায় কেন৷
ভাগ্যিস ফর্সা, সুন্দরী, স্লিম, শিক্ষিত বা অশিক্ষিত ছিলুম না, ভাগ্যিস দেখা-শোনা বিয়ের বাজারে দাম ছিল না, ভাগ্যিস কারো পছন্দ আমি ছিলাম না, ভাগ্যিস - ভাগ্যিস-ভাগ্যিস। ভালো কিছু পেতে গেলে দাম তো দিতেই হয়, সব কিছুর দাম দিতে হয়। এই যে এত দাম দিয়েছি, তাই হয়তো আজকের ভালোথাকাটাকে সুদ সমেত ফেরত পেয়েছি। আমার কুমার বাহাদুরকে পেয়েছি৷

(বি.দ্র. এই ছবিটি কুমারের অতীব অপছন্দের, ওর কথায় ছবিটায় নাকি প্রাণ নেই। এর থেকে ঢের ভালো ছবি আছে নাকি আমার। জেলাস জেলাস ...

Comments

Popular posts from this blog

ধন্দ

একটা প্রশ্ন মাঝেমাঝেই একটা অদ্ভুত ধন্দে ফেলে দেয় ...... আমার জীবনের সবচেয়ে দুটো গুরুত্বপূর্ণ মানুষ সম্পুর্ণ দুটো আলাদা মেরুর৷ আমার মা এবং আমার কুমার বাহাদুর ৷ আমার মার ৩৩ কোটি দেব - দেবীর ওপর প্রবল আস্থা আর আমার কত্তা বাবু পুরোদস্তুর নাস্তিক৷ আমার বাবাও ঈশ্বর বিশ্বাস করতেন না কিন্তু আমার মা কে কোনকিছু থেকে বিরত কখনও করেননি ৷ পুজোর দশকর্মা, ফলের বাজার থেকে মিষ্টি আনা এবং পুজোর পর মহানন্দে প্রসাদ খাওয়া, এই সবই বাবা সইচ্ছাতেই করতেন৷ কুমার বাহাদুরের সঙ্গে, আমার যে অন্তরঙ্গ বন্ধুর মাধ্যমে আলাপ, সে আমায় বলেছিল , ওরা নাস্তিক জানিস, ওদের বাড়ীতে কোন পুজো হয় না, নিয়ম মেনে বিয়েও হয় না, শুধু রেজিষ্ট্রি হয়৷ শুনে বলেছিলাম ভালোই তো, ঝামেলা কম৷ নিয়ম মাফিক ভালোবাসার প্রস্তাব দেওয়া - নেওয়া আমাদের মধ্যে কখনও হয়নি, কিন্তু যখন মনের দপ্তর ঘোষণা করল সম্পর্কটা শুধু বন্ধুত্বের থেকে আরও আরও বেশি কিছু, মনে আছে আমি ওকে বলেছিলাম, "আমি বাড়ীর একটিমাত্র মেয়ে, আমার বিয়ে নিয়ে অনেকের অনেক শখ আল্হাদ আছে, তোমাদের বাড়ীতে না হলেও, আমাদের বাড়ীতে কিন্তু নিয়ম মেনেই বিয়ে করতে হবে৷" ও এক কথায় হাসতে হাসতে বলেছিল, ...

হিজি বিজ্ বিজ্ এবং প্রেম

এই অসহ্য লোকটার কথা ভেবে ভেবে আমার সমস্ত ভালো ভালো গানের ভালো ভালো কথা সুর কানে এবং মনে বাজে। আর ঐ লোকটা সব সুর তাল ঘেঁটে ঘ করে দেয়। এই দুদিন আগে, ওর জন্মদিনের দিন সব কাজ মিটিয়ে বসেছি। মন টা বেশ ভালো লাগছে যা যা রান্না করবো ভেবেছিলাম, সব করেছি। বেশ ভালোই হয়েছে। সারপ্রাইজ গিফ্ট টা দিয়ে একদম চমকে দিয়েছি। সবকিছু একদম যেমন যেমন চেয়েছিলাম তেমন তেমন ই হয়েছে। ভালো করে স্নান করে, ফ্রেশ হয়ে টেবিল ফ্যান টা চালিয়ে একটু জিরোচ্ছি, খুব গান শুনতে ইচ্ছে হলো, বেশ ভালোবাসার গান। আমার ফোনের ওই হেডফোন গোজার পোর্টটা শট হয়েবসে আছে। তাই স্পিকারেই চালালামঃ ইয়ে লাল ইশক " মেরা নাম ইশক, তেরা নাম ইশক, মেরা নাম ইশক, তেরা নাম ইশক মেরা নাম ইশক, তেরা নাম ইশক মেরা নাম তেরা নাম, মেরা নাম ইশক" আহা শুনতে শুনতে পুরো ডুবে গেছি। অসাধারণ গান, গানের কথা, সঙ্গে অরিজিতের গলা, পাশে কুমার বসে ফোন এবং গল্প বইয়ে ব্যস্ত, তার দিকে চেয়ে চেয়ে পরানে ডগমগ করা প্রেম প্রেম ভাব ... উফফ আর কি চাই। তখনই ... " এই শোনো " কিছু না বলে ভুরু কুঁচকিয়ে এবং উঁচিয়ে জানতে চাইলুম, " কি? " " এই যে ইনি...

টিকিটপুরাণ

পুজোয় বেড়াতে যাওয়ার টিকিট কাটা আর টানটান রহস্য রোমাঞ্চ উপন্যাস পড়া একই ব্যাপার। প্রতি মুহূর্তের উত্তেজনা, এই ফসকে গেল গেল হৃদকম্পে রক্তচাপ বেড়ে যাওয়ার জোগাড় হয়। আমাদের আজ টিকিট কাটার পর্ব ছিল। নিজেরাই কাটি। দায়িত্ব থাকে কুমার বাহাদুরের ওপর। কাল রাত্তির থেকে যুদ্ধ চলছে। প্রতিবার বেড়াতে যাওয়ার আগে আমাদের whatsapp এ একটা গ্রূপ খুলে ফেলার দায়িত্বে থাকি আমি। যাওয়ার ঠিকানা বদলাতে থাকে , সঙ্গে গ্রূপের নামও। কাল রাত্তির থেকেই আমরা খুব উত্তেজিত, কারণ irctc র সাইট খুলে দেখা গেছে ৪ মাস আগে যে তারিখের টিকিট বুক করা যাচ্ছে, সেটা সেদিনই ওয়েটিং এ চলে যাচ্ছে। তাই একদম ঝপাঝপ কাজ সারতে হবে। নানা রকম আলোচনায় রাত্তির থেকে whtsapp এর গ্রূপ উত্তাল। বিভিন্ন জনের বিভিন্ন মতামত, লক্ষ একটাই,কনফার্ম টিকিট চাই-ই চাই। সবার স্নায়ু টান টান কাল কি হবে, একেবারে ভারত-অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলার মতন। রাতে শুয়েই পড়েছি হঠাৎ whtsapp গ্রূপে অংশুমানের মেসেজ রাত ১২ টার পর টিকিট কাটা যাবে মনে হয়। মেসেজ পড়া মাত্রই কুমার বাহাদুর ঝপ করে উঠে ল্যাপটপ খুলে বসল কিন্তু কোথায় কি !!! আবার অংশুমানের মেসেজ," না ১২ টা ...